নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
পোস্ট ডেস্ক :

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি বিকেলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, ভোররাতে দূর থেকে কেরোসিনমিশ্রিত কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে আগুন ধরে যায়। তবে আগুনের পরিমাণ বেশি না হওয়ায় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গত ১৬ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত কর্মসূচির কারণে স্মৃতিস্তম্ভের চারপাশ কাপড়ে মোড়ানো ছিল। সেই কাপড়েই আগুন লাগে।
তিনি আরো বলেন, কারা আগুন দিয়েছে কিংবা কতজন এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগকারীদের শনাক্তে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলাতেও একই আদলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।




