মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
পোস্ট ডেস্ক :

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর দেওয়া তথ্য ও কথোপকথনের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনী ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে জিয়াউর রহমান হত্যা মামলার ঘটনাস্থলেও নেয়া হয়।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং এ-সংক্রান্ত বিচারিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।




