ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’
পোস্ট ডেস্ক :

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসসহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপি এই তথ্য জানিয়েছে।
একই সঙ্গে দলটি আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছে। এদিন সিজেপি ভারতের বিভিন্ন শহর ও গ্রামে নাগরিকদের বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান করে।
দলটির লক্ষ্য, চলমান আন্দোলনকে একটি সর্বভারতীয় গণআন্দোলনে রূপ দেয়া।
এদিকে এরইমধ্যে নিটের প্রশ্নফাঁস ইস্যুর সঙ্গে জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তরুণদের মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যত।’ তবে মোদির এই অঙ্গীকারের পরেও কোনোভাবেই থামছে না তেলাপোকাদের আন্দোলন।
রাজধানী দিল্লির যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভে বৃহস্পতিবার সকাল থেকে ছাত্র-যুবদের যোগদান বেড়ে চলছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিক্ষার্থীদের জমায়েতে অংশ নিচ্ছেন।
এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার সতর্কতা হিসেবে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়োগ করেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বুধবার রাতে উত্তপ্ত হয়েছিল দিল্লির যন্তরমন্তর চত্বর।
বৃহস্পতিবার সকালে সেখানকার পরিস্থিতি খানিক থমথমে। তবে ভিড় ক্রমশ বাড়ছে মানুষের। ‘নিরাপত্তাগত কারণে’ সকাল সাড়ে ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন।




