ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে

Published: 29 April 2026

পোস্ট ডেস্ক :


ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসের সদস্যদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন। সংঘাত শুরুর পর এই প্রথম তিনি কংগ্রেসে সাক্ষ্য দেবেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর পর এই প্রথম আজ বুধবার কংগ্রেসে সাক্ষ্য দেবেন পিট হেগসেথ।

পিট হেগসেথ হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত হবেন।

সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হবে।
যুদ্ধ এখনো অমীমাংসিত অবস্থায় থাকায় এবং এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব অব্যাহত থাকায় শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে আইনপ্রণেতারা যুদ্ধসংক্রান্ত গোপন ব্রিফিংয়ে দেওয়া তথ্যের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে এই প্রকাশ্য শুনানি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একই শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেবেন।

ডেমোক্র্যাট প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘অবশেষে সেক্রেটারি হেগসেথ এই সপ্তাহে হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে আসছেন।’

তিনি আরো লেখেন, “এখন সময় এসেছে এই ‘ইচ্ছাকৃত যুদ্ধের’ জবাবদিহির।”