মেয়েকে ধর্ষণে মায়ের সহযোগিতা, শীর্ষ বৌদ্ধ ভিক্ষুসহ গ্রেপ্তার ২
পোস্ট ডেস্ক :

১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কার অন্যতম শীর্ষস্থানীয় এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ওই ভিক্ষুকে রিমান্ডে নেয়া হয়েছে। রোববার (১০ মে) বিবিসি অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির কর্তৃপক্ষ শনিবার রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে ৭১ বছর বয়সী পাল্লেগামা হেমারাথানাকে হেফাজতে নেয়।
হেমারাথানার বিরুদ্ধে ২০২২ সালে অনুরাধাপুরের অত্যন্ত পূজনীয় এক মন্দিরে এই নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ওই মন্দিরে তিনি প্রধান পুরোহিত হিসেবে নিয়োজিত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভিক্ষুকে সাহায্য ও প্ররোচনা দেয়ার অভিযোগে ভুক্তভোগীর মা-কেও গ্রেপ্তার করা হয়েছে। তাকেও রিমান্ডে নেয়া হয়েছে। শনিবার দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমরা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মেনে চলবো।
শ্রীলঙ্কার ডেইলি নিউজ জানিয়েছে, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা হেমারাথানাকে অনুরাধাপুরার প্রধান ম্যাজিস্ট্রেটের আদেশে আটক করা হয়। তার গ্রেপ্তারে বিলম্বের অভিযোগের ভিত্তিতে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
এতে বলা হয়েছে, আদালত পুলিশকে হেমারাথানাকে গ্রেপ্তার করে বিলম্ব না করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।
তবে হেমারাথানা অভিযোগগুলোর বিষয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি আগামী ১২ মে আদালতে হাজির হবেন।




