লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৩৯

Published: 10 May 2026

পোস্ট ডেস্ক :


যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। দেশটিতে সর্বশেষ ইসরাইলের অতর্কিত হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছে। শনিবার (৯ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি বলছে, ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে অবগত।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়। তবে এরপরও ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।সংবাদ বিশ্লেষণ

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী তাদের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে চালাচ্ছে। আইডিএফ বলছে, তারা ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ দেশটির সাকসাকিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলার খবর প্রকাশ করেছে। তবে আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি যতটা সম্ভব কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। এর মধ্যে ছিল নির্ভুল অস্ত্রের ব্যবহার এবং আকাশপথে নজরদারি।

বিবিসি বলছে, ইসরাইলি সামরিক বাহিনী সীমান্তবর্তী লেবাননের একটি অংশও দখল করে রেখেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাদের লক্ষ্য হলো এমন একটি ‘হিজবুল্লাহ-মুক্ত নিরাপত্তা অঞ্চল’ তৈরি করা, যা ইসরাইলের উত্তরাঞ্চলের জনপদগুলোকে সুরক্ষা দেবে।

এসব এলাকায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে, যা গাজায় ইসরাইলি বাহিনীর ব্যবহৃত কৌশলের সঙ্গে মিল রয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও রকেট ও ড্রোন ব্যবহার করে লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

ট্যাগসমূহ: