এবার বাহরাইনকে ইরানের কড়া হুঁশিয়ার বার্তা

Published: 17 May 2026

পোস্ট ডেস্ক :


এবার বাহরাইনকে কড়া সতর্ক বার্তা দিলো ইরান। তেহরান বিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে রোববার দেশটির একজন আইনপ্রণেতা জাতিসংঘে মানামার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকি বলেন, বাহরাইন ওয়াশিংটনের পুতুল হিসেবে কাজ করছে। উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার জন্য তিনি বাহরাইনের নেতৃত্বকে সতর্ক করেছেন।

মোত্তাকি বলেছেন, দূরদৃষ্টি ও বোধশক্তির অভাবে মানামার নেতারা এটা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন যে, মার্কিনিদের সঙ্গে যেমন তাদের ছলচাতুরী করা উচিত নয়, তেমনি ইরানিদের সঙ্গেও কোনোভাবেই ধূর্তামি করা যাবে না।
এ ছাড়া ইরানের এই নেতা বলেন, বাহরাইন আমেরিকার হাতের পুতুল হিসেবে এমন একটি পদক্ষেপ শুরু করেছে যা হোয়াইট হাউসের আলোচ্যসূচিতে আগে থেকেই ছিল।

বাহরাইনকে সতর্ক করে তিনি বলেন, নিঃসন্দেহে এটিই হবে তাদের শেষ ইরান-বিরোধী প্রচেষ্টা।
মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান যেসব দেশে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মধ্যে বাহরাইনও রয়েছে। দেশটিতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে ইরানি বাহিনী।