যুদ্ধের শঙ্কা তুঙ্গে, নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
পোস্ট ডেস্ক :

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে যেকোনো সময় ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। এমন প্রেক্ষাপটে নাগরিকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন ছবি ও ফুটেজে দেখা যাচ্ছে যে তেহরানে বেসামরিক নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে।
এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য ইরানি কর্তৃপক্ষ কীভাবে লোকজনকে প্রস্তুত করছে। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দর্শকদের রাইফেল চালানো শেখানো হচ্ছে।
ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা যায়, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ওফোগ চ্যানেলের উপস্থাপক হোসেইন হোসেইনি লাইভ চলাকালীন স্টুডিওর ছাদে রাইফেল থেকে গুলি চালান।
তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন মুখোশপরা সদস্যের কাছ থেকে অস্ত্র পরিচালনার পাঠ নিচ্ছিলেন। আরেক ভাইরাল ভিডিওতে দেখা যায়, চ্যানেল ৩-এর উপস্থাপিকা মবিনা নাসিরি দুই হাতে একটি রাইফেল ধরে দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ভানাক স্কোয়ার থেকে আমাকে একটি অস্ত্র পাঠানো হয়েছে, যেন আমিও আপনাদের সবার মতো এটি ব্যবহার করতে শিখি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি শহরের মসজিদে নাগরিকদের অস্ত্র চালানো শেখাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সিএনএন বলছে, দেশ রক্ষার জন্য জনগণের প্রস্তুতির অংশ হিসেবে এসব আয়োজন করেছে ইরান।




