যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় এবার কাতার

Published: 23 May 2026

পোস্ট ডেস্ক :


ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিশ্চিত করার প্রচেষ্টায় কাতারের একটি আলোচক দল শুক্রবার তেহরানে পৌঁছেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই কাতারের প্রতিনিধিদল তেহরানে গেছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটাতে একটি ‘চূড়ান্ত চুক্তি’ নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে বাকি অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা।

গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা দোহা এতদিন ইরান যুদ্ধের মধ্যস্থতায় সরাসরি ভূমিকা নিতে দূরে ছিল। কারণ, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে কাতার। সূত্রটি বলেছেন, শুক্রবার একটি কাতারি আলোচক দল তেহরানে পৌঁছেছে। তিনি আরও বলেন, দলটি যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সেখানে গেছে, যাতে যুদ্ধ শেষ করতে এবং ইরানের সঙ্গে বাকি বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধান করতে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।

যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান আনুষ্ঠানিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও কাতারের নতুন করে সক্রিয় হওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের নির্ভরযোগ্য গোপন যোগাযোগ মাধ্যম হিসেবে তাদের ভূমিকাকেই আবার সামনে আনছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। তবে এখনও বড় কোনো অগ্রগতি হয়নি। ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং তেহরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া দুই পক্ষের আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র জানান, এখনও কোনো চুক্তি হয়নি। তবে দুই পক্ষের দূরত্ব কমেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনো বড় অচলাবস্থার কারণ হয়ে রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার কিছু অগ্রগতির ইঙ্গিত দিয়ে বলেন, কিছু ইতিবাচক লক্ষণ আছে। তবে আমি অতিরিক্ত আশাবাদী হতে চাই না। আগামী কয়েক দিনে কী হয়, সেটাই দেখা যাক। শুক্রবার সুইডেনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকরা তেহরানে কাতারি দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে রুবিও বলেন, ইরান আলোচনায় পাকিস্তানই প্রধান মধ্যস্থতাকারী এবং তারা প্রশংসনীয় কাজ করেছে।