এবার ইসরাইলি বাহিনীর টার্গেটে লেবাননের ১০ শহর
পোস্ট ডেস্ক :

ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ লেবাননের ১০টি শহর ঘিরে হুঁশিয়ার বার্তা জারি করেছে। রোববার (২৪ মে) টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর আগে দেশটির ১০টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার বার্তা দিয়েছে ইসরাইল।
লেবাননের মাশঘাটা, দেইর-আর-জাহরানি, আল-শারকিয়া, দৌয়ের, কালিয়ে, সোমর, জিবদিন, নাবাতিয়ে আত-তাহতা, আরবসেলিম এবং কাফার জৌজের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেখানকার বাসিন্দাদের এসব অঞ্চল থেকে অন্তত এক কিলোমিটার দূরে চলে যেতে বলা হয়।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আইডিএফ তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। এসব অঞ্চলের সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই বলে জানান এই কর্মকর্তা।
যুদ্ধবিরতি চললেও লেবাননে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহও ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।




