ইরানে ফের ভয়াবহ যুদ্ধের শঙ্কা, এবার টার্গেটে বিদ্যুৎকেন্দ্র ও সেতু
পোস্ট ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার (১০ জুন) এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে।
ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অভিযোগ করেন, ইরানি নেতৃত্ব শান্তি আলোচনায় সময়ক্ষেপণ করছে এবং কার্যত কোনো অগ্রগতি ঘটাচ্ছে না।
ট্রাম্প বলেন, আমি আরও এগোতেও পারি। ইরানের কাছে একটি চুক্তিতে স্বাক্ষর করে বেঁচে থাকার সুযোগ ছিল, কিন্তু তারা তা নেয়নি।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, তেহরান শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রকে ‘সময়ক্ষেপণ করাচ্ছে’ এবং এখন পর্যন্ত আলোচনা থেকে খুব কমই অগ্রগতি এসেছে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইরানের জন্য দারুণ হতে পারতো এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তারা অনেক বেশি সময় নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে।
এ ছাড়া মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি (অব.) সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক হামলা আবারও আলোচনায় ফিরতে পারে।




