মেজাজ হারালেন মমতা, মারলেন চড়

Published: 8 July 2026

পোস্ট ডেস্ক :


এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৮ জুলাই) কালীঘাটে ভিড় নিয়ন্ত্রণ করার সময় আচমকা একজনকে থাপ্পড় মারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মমতা যাকে চড় মেরেছেন তিনি আসলে কালীঘাট তৃণমূলেরই এক কর্মী। এছাড়া এদিন মমতাকে ভিড় নিয়ন্ত্রণের সময় ধাক্কা দিতেও দেখা যায় নিজের দলেরই লোকজনকে। কর্মীদের তুমুল বকাবকিও করেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মমতা হ্যান্ডমাইক নিয়ে ‘বেরো বেরো’ বলেও চিৎকার করতে থাকেন। ‘ডোন্ট ডিস্টার্ব মি’ বলেও বকাবকি করেন।

খবরে বলা হয়েছে, এদিন বালিগঞ্জ ফাঁড়িতে কালঘীট তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতি বেঁধে যায় তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।

এমন পরিস্থিতিতে মমতা অভিযোগ করেন, ‘ভাড়াটিয়া গুন্ডা-লুম্পেনদের নিয়ে এসেছে। মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে..আমি তাদের উদ্ধার করার জন্য গেটের বাইরে গিয়েছিলাম। আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত। মেয়েদের গাল থেকে শুরু করে বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে….ছেলেদেরও মারা হয়েছে। মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিলেন?

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদিন মিছিল ঘিরে প্রথম থেকেই উত্তেজনা শুরু হয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট তৃণমূলের মিছিল শুরু হওয়ার পরে ‘চোর চোর’ স্লোগান দেয়া হতে থাকে। এর জবাবে পালটা তৃণমূল কর্মী-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা।