মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ
পোস্ট ডেস্ক :

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের নেপথ্যের ঘটনা সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। বলা হয়েছে, ২০২১ সালে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের কারণ হলো পাইলটরা মাঝ আকাশে ছবি তুলছিলেন ও ভিডিও রেকর্ড করছিলেন।
সিওলের তদন্ত কর্মকর্তারা জানান, যুদ্ধবিমান দুইটি কেন্দ্রীয় দায়েগু শহরে একটি ফ্লাইট মিশনে ছিল। তবে সংঘর্ষ হলেও পাইলটরা আহত হননি। তবে যুদ্ধবিমানের অনেক ক্ষতি হয়েছে। যুদ্ধবিমান মেরামতে দেশটির সামরিক বাহিনীকে খরচ করতে হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ডলার।
এই ঘটনার পর একজন পাইলট দেশটি সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দেন। তবে এরপরেও তাকে ৮৮ মিলিয়ন ওন জরিমানা দিতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মিলিটারি ইউনিটের শেষ ফ্লাইটকে স্মরণীয় করে রাখতে ওই পাইলট ছবি তুলে রাখতে চেয়েছিলেন।
মিশন থেকে ঘাঁটিতে ফেরার পথে ব্যক্তিগত স্মার্টফোন দিয়ে ছবি তুলতে শুরু করেন ওই পাইলট। তার ছবি তোলা দেখে মিশনে নেতৃত্ব দেয়া বিমানের পাইলট তার বিমানে থাকা আরেক পাইলটকে উইংম্যান বিমানের ভিডিও রেকর্ড করতে বলেন।
ভালোভাবে ছবি তোলার জন্য সেইসময় উইংম্যান পাইলট হুট করে তার বিমান ওপরের দিকে উড়ান। এতে দুই যুদ্ধবিমান খুব কাছাকাছি চলে আসে। এতে এক পর্যায়ে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ হয়।
এসব পাইলটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা- তা নিয়ে দেশটির কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দেয়নি।




